ইসলামী ব্যাংক টাওয়ারে দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিকে কেন্দ্র করে সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে সংঘর্ষে কয়েকজন আহত হন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর আগেই ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং এস আলমের অনুসারীরা সেখানে অবস্থান নেন। কর্মসূচি শুরু হলে তারা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান।
তিনি বলেন, হামলায় ফোরামের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
নুর নবী মানিক আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ফোরামের সদস্যদের টেনেহিঁচড়ে সরিয়ে নেওয়া হলেও হামলা ঠেকাতে পুলিশ কার্যকর কোনো ভূমিকা নেয়নি। এ সময় তিনি ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় সকাল সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।
তবে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সাবেক কর্মকর্তা-কর্মচারী কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।