ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পানি নিষ্কাশন ও ফুটপাত দখলমুক্ত করতে তৎপর ডিএসসিসি

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৬
পানি নিষ্কাশন ও ফুটপাত দখলমুক্ত করতে তৎপর  ডিএসসিসি
জলাবদ্ধ বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

ভোর থেকে টানা মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীতে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা দ্রুত নিরসনে মাঠপর্যায়ে নিবিড় তৎপরতা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ, পলাশী মোড় ও নিউমার্কেট এলাকাসহ জলাবদ্ধ বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। পরিদর্শনকালে তিনি বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাশন কার্যক্রম সরাসরি তদারক করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Advertisement

ভোর ৪টা থেকে বজ্রসহ ভারী বর্ষণের কারণে সংস্থার আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নগরবাসীর ভোগান্তি কমাতে ভোর থেকেই ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে নামে। ড্রেনের মুখ পরিষ্কার, জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কাজ করা হয়। পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত অভিযানও পরিচালনা করা হচ্ছে।

সরেজমিনে পরিদর্শনকালে পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা শিথিলতা দেখতে পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, “ফজরের সময় থেকেই কর্মীদের পুরোপুরি কাজে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা শতভাগ বাস্তবায়িত হয়নি। রাতে বৃষ্টির কারণে পরিচ্ছন্নতার স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছিল ঠিকই, তবে বৃষ্টি কমার পর কর্মীদের যে গতিতে কাজে নামার কথা ছিল, তাতে কিছুটা গাফিলতি দেখা গেছে। নির্দেশনায় অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে অসচেতনতা ও অনিয়ন্ত্রিতভাবে ফেলা বর্জ্যকে দায়ী করে প্রশাসক বলেন, রাস্তায় ফেলে দেওয়া পলিথিন, চায়ের কাপ ও প্লাস্টিক বর্জ্য ড্রেনের মুখ বন্ধ করে দেয়। ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।তিনি স্পষ্ট জানান, কোনোভাবেই সড়কের ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে পথচারী চলাচলে ব্যাঘাত ঘটে না—এমন কিছু বড় ফুটপাতে সুনির্দিষ্ট নিয়মে হকারদের বিষয়ে চিন্তাভাবনা করা হতে পারে, যা পরবর্তীতে হকার নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!