ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ২০ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর ভবনে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহত এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটিকে আগুন হিসেবে বর্ণনা করতে নারাজ বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।

তার দাবি, সেখানে আগুন নয়। ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিমানবন্দরের কার্গো এলাকা, মালামাল রাখার স্থান ও বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এরমধ্যে ২০২৫ সালের ১৮ অক্টোবর বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় অগ্নিকাণ্ড ঘটে।

ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ৩৭টি ইউনিটসহ বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করেন। আগুনের কারণে কয়েকঘণ্টা বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।

পরে রাতের দিকে ফ্লাইট চলাচল আবার শুরু হয়। এ ঘটনায় কার্গো এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

২০২৬ সালের ৫ জুন বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কার্গো ভিলেজের মালামাল রাখার একটি স্থানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। 

২০২৬ সালের ২৫ জুলাই বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকার একটি ময়লার স্তূপে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ওই ঘটনায় হতাহত ছিল না।

২০২৬ সালের ৭ আগস্ট দিবাগত রাতে বিমানবন্দরের বলাকা লাউঞ্জের রান্নাঘরে আগুন লাগে। তখন বিমানবন্দরে নিয়োজিত কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!