ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নিখোঁজ সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫, ২৯ অক্টোবর ২০২৬
নিখোঁজ সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে নদ থেকে সাবেক ওই বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রকাশ করেছিলেন তাহসিফ সৌরি—এমন দাবি রয়েছে।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!