মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ কর্মকর্তা ওএসডি
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের ওএসডি করা হয়।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।
তিনজনই ২৯তম বিসিএসের কর্মকর্তা। অভিযোগ রয়েছে, তারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও বিসিএসে আবেদনের সময় কেউই ওই কোটার প্রার্থী হিসেবে আবেদন করেননি।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে ওই তিন উপসচিবসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠে আসে।
অভিযুক্ত অন্য তিন কর্মকর্তা ভিন্ন ক্যাডারের। চলতি বছরের জানুয়ারিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার পর এবার জনপ্রশাসন মন্ত্রণালয় তিন উপসচিবকে ওএসডি করল।