করোনাকে পরোয়া না করাদের সাবধান করে দিলেন আক্রান্ত মূমুর্ষ নারী
বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। কিন্তু এত কিছুর পরও সতর্ক হচ্ছেন না অনেকে। নিচ্ছেন না কোনো সচেতনতামূলক পদক্ষেপ। এর ফলে ঝুঁকিতে পড়ছেন অন্যান্যরাও।
এদিকে মহামারি করোনাভাইরাসকে পরোয়া না করা ব্যক্তিদের উদ্দেশ্যে সম্প্রতি হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন করোনায় আক্রান্ত ৩৯ বছর বয়সী এক ব্রিটিশ নারী। আইসিইউ থেকে ধারণ করা ভিডিও’টিতে ট্যারা জেন ল্যাঙস্টোন নামক সেই নারী বলেন, ‘করোনাভাইরাসের ক্ষেত্রে আপনারা নূন্যতম কোনো ঝুঁকিও নিবেন না। আমাকে দেখুন, আমি নিজে থেকে নিশ্বাস নিতে পারছি না।’
এসময় তিনি তার নাকে লাগানো নল ও দুই হাতে লাগানো টিউব সকলকে দেখান যেগুলো তাকে নিশ্বাস নিতে সহায়তা করছে। কথা বলার সময় বার বার কাঁশতে ও হাঁপাতেও দেখা যায় তাকে।
তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা আগের চেয়ে দশগুণ খারাপ। রাত-দিন ও সময় সম্পর্কে কোনই ধারণা নেই আমার।’
ট্যারা জানান, নিশ্বাস নিতে গেলে তার মনে হচ্ছে ফুসফুসের মধ্যে যেন ভাঙ্গা কাঁচ গেঁথে আছে।
তিনি বলেন, ‘আপনারা সবাই সচেতন হন। করোনাকে কোনো সুযোগ দেবেন না। নয়তো আপনাদেরকেও আমার মত হাসপাতালে আসতে হবে।’
এরপর তিনি তাকে শুভকামনা জানানো সকলকে ধন্যবাদ জানান।
ভিডিওটি বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।
ভিডিও’টি দেখুন:
সূত্র: দ্য গার্ডিয়ান