প্রধান বিচারপতিকে ফের এসআরএফের চিঠি
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে আগামী ২৫ অক্টোবর থেকে বিচারিক সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিতে প্রধান বিচারপতির কাছে ফের আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে এসআরএফের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করা হয়।
এসআরএফের সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বিচার বিভাগের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আদেশ, রায় ও আইনি বিষয়ের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করছেন। তবে দীর্ঘদিন ধরে আপিল বিভাগের মূল এজলাসে প্রবেশাধিকার না থাকায় গুরুত্বপূর্ণ মামলার সরাসরি শুনানি পর্যবেক্ষণ করে নির্ভুল তথ্য নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নানা জটিলতা তৈরি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, বিশ্বের যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে উন্মুক্ত আদালত কক্ষের সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। সাংবাদিকরা আদালতের নিয়ম- শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ। এজলাসে প্রবেশের সুযোগ মিললে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাবে এবং বিচারে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি হস্তান্তরের সময় এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদারসহ ফোরামের অন্যান্য সদস্যরা।