ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউরোপজুড়ে তরুণদের তুমুল সরকার বিরোধী বিক্ষোভ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ১৯ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে তরুণদের তুমুল সরকার বিরোধী বিক্ষোভ
ছবি : রয়টার্স।

শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি, শিক্ষক সংকট এবং লাগামহীন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইউরোপের একাধিক দেশে রাজপথে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও আলবেনিয়াসহ একাধিক দেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে।

ফ্রান্সে শিক্ষাবর্ষ শুরুর পর থেকেই শ্রেণিকক্ষের জরাজীর্ণ অবস্থা, দীর্ঘ কর্মঘণ্টা এবং শিক্ষক ঘাটতির প্রতিবাদে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। শিক্ষা সংকটের সঙ্গে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ শ্রমজীবী মানুষও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। পরিস্থিতি সামাল দিতে ম্যাখোঁ সরকার ৩ হাজার নতুন শিক্ষক নিয়োগ ও ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এদিকে স্পেনে আবাসন সংকট ও অতিরিক্ত বাড়িভাড়ার প্রতিবাদে সেপ্টেম্বর থেকে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এক প্রবীণ নারীকে উচ্ছেদ ও তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। পর্তুগালেও আবাসন ব্যয় ১২৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রাজধানী লিসবনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ জনগণ।

অনুরূপভাবে ইতালির মিলান শহরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আলবেনিয়ায় দুর্নীতি ও শিক্ষার নিম্নমানের বিরুদ্ধে টানা ছয় দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

আন্তর্জাতিক বাজার ও রাজনৈতিক সংকটের কারণে ইউরোপের দেশগুলোতে জ্বালানি ও আবাসন সংকট চরম রূপ নেওয়ায় এই অসন্তোষ সহজে শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, অদূর ভবিষ্যতে কার্যকর সামাজিক ও অর্থনৈতিক সংস্কার না আনলে এই আন্দোলন আরও সহিংস রূপ নিতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!