গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একদিনে চারজন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
.png)
১০৪ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৮ জন।
বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদের মধ্যে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাত জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের।
আরো পড়ুন: দেশে করোনা শনাক্তের হার বাড়ছে
এদিকে গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব।
সর্বশেষ বুধবার এ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার চার জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এ জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৩০ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। বিশ্বে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে, ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক শনাক্ত হয়েছিল। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি। এছাড়া বিশ্বব্যাপী একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সাত হাজার ৫৫ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন।
বৃহস্পতিবার সকালে বৈশ্বিকপর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।