শুক্রবার ছুটির দিনেও রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ, চিকিৎসকদের রুমের সামনে, ওয়ার্ডে, ওষুধ নেয়ার স্থান ও হাসপাতালের বাইরে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।
রাজবাড়ীতে গত পাঁচদিনে নমুনা পরীক্ষার প্রায় অর্ধেক রোগীর করোনা শনাক্ত হয়েছে। ফলে অধিক হারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে।
.png)
এদিকে, গত কয়েকদিন হু হু করে বাড়ছে রাজবাড়ীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু সে তুলনায় জনগণকে সচেতন হতে দেখা যায়নি। জেলা শহরসহ প্রতিটি স্থানের হাট-বাজার, রাস্তা-ঘাট, দোকানে রয়েছে জনগণের স্বাভাবিক চলাচল। এছাড়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়েও বিভিন্ন স্থানে চলছে সামাজিক অনুষ্ঠান। শহর এলাকায় স্বাস্থ্য সুরক্ষার মাস্ক কিছুটা পরলেও গ্রামে কারো মুখে নেই।
রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি রাজবাড়ী সদর হাসপাতাল, গোয়ালন্দ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের পজিটিভ হয়েছে। এছাড়া ২৪ জানুয়ারি ৮০ জনের মধ্যে ৪০ জনের পজিটিভ এবং (২২ ও ২৩ জানুয়ারি) ১২২ জনের মধ্যে ৪২ জনের করোনা ধরা পড়েছে। এখন পর্যন্ত জেলায় ১০ হাজার ৭৬১ জনের করোনা শনাক্ত ও মারা গেছেন ৭২ জন। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে একজন ও হোম আইসোলেশনে ১৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।