ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ৬ মে ২০১৯
বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন উপলক্ষে কড়াকড়ি নিরাপত্তা আরোপের কারণে বাংলাদেশ-ভারতের বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বিশেষ নজরদারির মধ্যে দিয়ে পাসপোর্ট যাত্রীর যাতায়াত রয়েছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব পণ্যবাহী আমদানি রফতানি বন্ধ থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ভারতের নির্বাচন উপলক্ষে এ পথে বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন খবর ভারতীয় ব্যবসায়ীরা আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। তবে এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমসে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকছে।

Advertisement

ভারতের পেট্রাপোল স্থলবন্দরের রফতানিকারক রেজাউল ইসলাম বলেন, ৬ মে চব্বিশ পরগনার বনগাঁ ও বারাকপুর কেন্দ্রের ভোট হবে। এ ভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশে এদিন পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামীকাল সকাল থেকে আবার বাণিজ্যক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রফতানি বন্ধের পাশাপাশি সীমান্তের অবৈধ পথে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে দিকে সীমান্তরক্ষী বিএসএফ যেমন নিরাপত্তা জোরদার করেছে তেমনি বৈধ পথে যেন পাসপোর্ট যোগে কোন দ্বৈত নাগরিক ভোট প্রয়োগের জন্য প্রবেশ করতে না পারে সেদিকেও সতর্ক রয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানা যায়, এমন অনেক বাংলাদেশি আছেন যারা সুবিধা ভোগ করতে একই সঙ্গে ভারতীয় নাগরিকও হয়েছেন। নাগরিকত্ব ঠিক রাখতে নির্বাচন এলে তারা ভোট দিতে যায় ভারতে। ভারতীয় ইমিগ্রেশনের নজরদারির কারণে দ্বৈত নাগরিক প্রায়ই সেখানে আটক হচ্ছেন। এমন কেউ যাতে পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে না পারে এ জন্য ভারতীয় ইমিগ্রেশন আরো এক সপ্তাহ আগে থেকে যাত্রীদের উপর নজরদারি রেখে চলেছে। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে তবেই প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!