ফতুল্লায় আইএফএস টেক্সওয়্যার গার্মেন্টসে আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেড গার্মেন্টসে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুপুর দেড়টার দিকে গার্মেন্টস কারখানাটির অভ্যন্তরে ডাইং ও ফিনিশিং শাখায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় নারী-পুরুষ শ্রমিকরা আতংকে ছোটাছুটি করতে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিরাপদে বাইরে বের করে দেয়।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থালে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে কারখানার বেশকিছু মেশিনপত্র ও থান কাপড় পুড়ে যায়। আগুনের তাপের কারণে কারখানার তিনজন শ্রমিক আহত হন। তাদেরকে শহরের খানপুর এলাকায় তিনশ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা আশংকামুক্ত। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
ডেইলি বাংলাদেশ/আরএম