ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্ম নিবন্ধনে বাড়তি ফি আদায়

শাহাজাদা এমরান, কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৪, ৬ জুলাই ২০১৯
জন্ম নিবন্ধনে বাড়তি ফি আদায়
ফাইল ছবি

দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা কার্যকরের এক যুগ পার হলেও কুমিল্লায় কাঙ্খিত সেবা পাচ্ছেন না নাগরিকরা। ধীরগতির সেবা, রশিদ ছাড়া লেনদেন, অতিরিক্ত ফি আদায়সহ রয়েছে বহু অভিযোগ।

কুমিল্লায় ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এক লাখ ২১ হাজার ২৮৩টি জন্ম নিবন্ধন করা হয়েছে। জন্ম নিবন্ধনের ফি আদায়ে শীর্ষে রয়েছে চৌদ্দগ্রাম। এ উপজেলায় করা ফি’র পরিমাণ দুই লাখ ৪৫ হাজার টাকা।

১৮ ডিসেম্বর ২০১৭ সালের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বিনা মূল্যে, পাঁচ বছরের মধ্যে ২৫ টাকা, পাঁচ বছর পর থেকে ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেবা গ্রহিতাদের অভিযোগ, নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে।

Advertisement

কুসিকের ২০নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের হাজী মো. নুরুল ইসলাম বলেন, ফি কত আমরা জানি না। মেয়ের জন্ম নিবন্ধনের সময় ৫০০ টাকা দিয়েছি। যখন শিশু ভাতার জন্য আবেদন করেছি, তখন এক হাজার টাকা দাবি করেছে। আবার ফি’র রশিদও দেয়া হয় না।

মালেক রিপন জানান, স্কুল ও টিকা কেন্দ্রকে আরো তৎপর হতে হবে। ভুয়া জন্ম নিবন্ধনের প্রথম পথ খুলে দেয় স্কুল। অভিবাবকদের কথার উপর ভিত্তি করে, বয়স লিখে সনদ দিয়ে দেয়। চেয়ারম্যান বা কাউন্সিলর অফিস এ সূত্র ধরে সনদ দেয়। আবার টিকা কেন্দ্রের শেষ দুটি টিকা জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে নিতে হবে। কারণ ৮-১০ মাসের শিশুর নামও রাখা হয়ে যায় এবং জন্মনিবন্ধনও করা হয়ে যায়। তাহলে একাধিক জন্ম নিবন্ধনের সুযোগ থাকবে না।

বরুড়ার চিতড্ডা ইউপি সচিব মো. বেল্লাল হোসেন বলেন, তিন-চার দিন চেষ্টা করে দুয়েকটা সনদ নিবন্ধন করা যায়। মুত্যু নিবন্ধনে দেখা যায়, যাদের বয়স ৩০-৪০ বছর তাদের জন্ম নিবন্ধন ওয়েব সাইটে নেই, তাহলে তার মৃত্যু নিবন্ধন দেয়ার সুযোগ থাকে না। মানুষ বিষয়টা বুঝতে চায় না। জন্ম সনদ না থাকায় মৃত্যুর নিবন্ধন নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, সার্ভারের সঙ্গে ফি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যেতে পারে। এতে অতিরিক্ত ফি নেয়ার সুযোগ থাকবে না। একই ব্যক্তির একাধিক জন্ম সনদ করলে পাঁচ হাজার টাকা জারিমানা। কিন্তু এটা ধরার কোন পদ্ধতি নেই। মা-বাবার এনআইডি নম্বর সন্তানের জন্ম নিবন্ধনে ওয়েবসাইটে যুক্ত করলে একাধিক নিবন্ধন করার সুযোগ থাকবে না।নিবন্ধন থেকে পাওয়া অর্থ একটি অ্যাকাউন্টে রাখা হয়, যা অন্য কোন কাজে ব্যবহার করা হয় না।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। এ অভিযোগে কুমিল্লায় দুজন উদ্যোক্তাকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লায় মানুষ বেশি, কাজও বেশি। বিষয়টি রেজিস্টার জেনারেলের কার্যালয়ে, মন্ত্রণালয়ে জানানো হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!