ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হার না মানা রমজান 

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২৮ এপ্রিল ২০২০
হার না মানা রমজান 
হার না মানা রমজান 

পৃথিবীতে সবাই সমান ভাগ্য নিয়ে জন্মায় না। কেউ সুখে বসবাস করেন আবার কাউকে সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনের সংগ্রাম যেন শেষ হয় না। তেমনি একজন হলেন রমজান আলী।

তবে রমজান একসময় খেয়ে পরে মোটামুটি স্বচ্ছল দিন পার করছিলেন। একটি দোকানের ম্যানেজার ছিলেন তিনি। একটি দুর্ঘটনায় তার সবকিছু এলোমেলো হয়ে যায়।  

২০১১ সালে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় তার একটি পা অচল হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও অচল পা-কে সচল করা সম্ভব হয়নি। পা অচল হলেও জীবনযুদ্ধে অচল হয়ে যাননি। জীবন সংগ্রামে হার মানেননি রমজান। কলার ব্যবসা করছেন তিনি।  
  
ক্রাচে ভর দিয়ে কলা নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেন তিনি। ভিক্ষাবৃত্তি করে নয়,  কলা বিক্রির টাকায় চলে রমজানের সংসার। মাথার ঘাম পায়ে পেলে পরিশ্রম করেই যাচ্ছেন। কলা বিক্রির সামান্য টাকায় চলছে তার সংসার। তবুও শান্তি যে তাকে ভিক্ষার পথ বেছে নিতে হয়নি।  

Advertisement

রাঙামাটি শহরের বনরূপা এলাকার মূল সড়কের পাশেই কলা নিয়ে বসেন রমাজন। একসময় টং দোকান ছিল। উচ্ছেদের কারণে এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। প্রতিদিন হাজার দেড়েক টাকার কলা বিক্রি করেন তিনি। লাভ হয় ২৫০-৩০০ টাকা। তা দিয়েই চলে স্ত্রীসহ তিন কন্যা নিয়ে তার সংসার।  

রমজান বলেন, ভিক্ষাবৃত্তি কোনো ভালো পেশা নয়। যতদিন বেঁচে আছি পরিশ্রম করে জীবিকা নির্বাহ করবো। ক্রাচে ভর দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত কলা নিয়ে ছুটতে হয়। খুব কষ্ট হয় কিন্তু কিছুই করার নেই।

রমজানের বড় মেয়ে অষ্টম শ্রেণিতে, মেঝ মেয়ে চতুর্থ শ্রেণিতে এবং ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। তাদের পড়াশোনার খরচ চালাতে হয়। এছাড়া মাস শেষে দিতে হয় বাসা ভাড়া।

রমজান বলেন, বাসা ভাড়া, মেয়েদের পড়াশোনার খরচসহ তিন বেলা সবার মুখে আহার জোটানো সত্যিই অনেক কষ্টের। তবুও আল্লাহর রহমতে কোনোরকম চলে যাচ্ছে দিন। তিনি বলেন, কলা বিক্রিতে লাভ আরো বেশি হতো যদি আড়তে গিয়ে কলা কিনতে পারতাম। কিন্তু অচল পা নিয়ে সেখানে যাওয়া সম্ভব না বলে নিরুপায় হয়ে দ্বিতীয় পক্ষের কাছ থেকে কলা কিনতে হয়। যার ফলে লাভ হয় সীমিত। 

তবে ইদানিং রমজানের সময় খুব খারাপ যাচ্ছে। করোনার কারণে তার ব্যবসা মন্দা যাচ্ছে। কবে যে শেষ হবে করোনা সংকট- রমজানের কপালে চিন্তার বলিরেখা!  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!