ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ১২ জুলাই ২০২০
সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 
বারদি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে হাবু বাহিনী। 

রোববার দুপুরে উপজেলার শান্তির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত যুবলীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Advertisement

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শান্তিরবাজার এলাকায় একটি জমি নিয়ে ডাকাত সর্দার হাবিবুর রহমান হাবু, ফারুক মেম্বার, সানু মেম্বার, আমজাদ হোসেন, সানাউল্লাহ সিন্ডিকেট  আব্দুল মতিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। 

এ নিয়ে শনিবার সকালে সোনারগাঁ থানায় একটি বিচার সালিশ বসে। সালিশে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে আব্দুল মতিনের সব কাগজপত্র সঠিক পাওয় যায়। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান সরেজমিনে তদন্ত করে বিচারের রায় দেবেন বলে বৈঠকে জানানো হয়। 

রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সরেজমিনে ওই জমি দেখতে যান। জমির মালিক আব্দুল মতিনের পক্ষে যুবলীগ নেতা আমিনুল ইসলাম কথা বলার পর তিনি স্থান ত্যাগ করেন।

পরে আমিনুল ইসলামকে একা পেয়ে হাবু ও তার ছেলে আশিক সহযোগী শাহজালাল ও ডালিমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছোরা, চাপাতি, চাইনিজ কোড়াল ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। 

এলাকাবাসী আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

এলাকাবাসীর অভিযোগ, হাবু ওই এলাকার ত্রাস সৃষ্টি করে মানুষের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছে। হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক, অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে। 

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাত সর্দার হাবুকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!