ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষ হাতে প্রেমিকার অনশন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৩, ৪ আগস্ট ২০২০
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষ হাতে প্রেমিকার অনশন
ছবি: সংগৃহীত

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে বিষ হাতে এক কিশোরীর অনশনে বসার খবর পাওয়া গেছে। অনশনের খবর শুনে পলাতক রয়েছেন প্রেমিক রুমেল।

রোববার (২ আগস্ট) সকালে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউপির ধুবাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ কিশোরীকে নিজ হেফাজতে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার তিয়শ্রী ইউপির ধুবাওয়ালা গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে রুমেলের সঙ্গে একই ইউপির তিয়শ্রী (উত্তর পাড়া) গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Advertisement

গত ৮ বছর আগে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয়ের মাধ্যমে তারা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘদিন প্রেম করার পর গত কয়েকদিন ধরে প্রেমিক রুমেলকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেন ওই কিশোরী। এরমধ্যে কিশোরীর পরিবার থেকে বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক রুমেলের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। রুমেলের পরিবার এ সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকা রোববার সকাল থেকে কীটনাশক জাতীয় বিষ হাতে নিয়ে রুমেলের বাড়ির সামনে অনশন শুরু করে।

এ ব্যাপারে অনশনকারী কিশোরী জানায়, রুমেলের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক। সে আমাকে বিয়ে করতে চাইলেও তার পরিবার মেনে না নেয়ায় নিরুপায় হয়ে তার বাড়িতে চলে এসেছি। তার পরিবার বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো। এর জন্য দায়ী থাকবে রুমেলের পরিবারের লোকজন।

রুমেলের বড় ভাই রাসেল জানান, আমার পরিবারকে ফাঁসানো হয়েছে। এটি একটি চক্রান্ত।

এদিকে, ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ জানান, আমি শুনেছি ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে অনশন করেছে। বর্তমানে মেয়েটি উপজেলা ভাইস-চেয়ারম্যানের হেফাজতে রয়েছে।

মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে কীটনাশক জাতীয় বিষ হাতে নিয়ে একটি মেয়ে অনশন করেছে। মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করায় জনপ্রতিনিধি হিসেবে সেখানে গিয়ে মেয়েটিকে আমার হেফাজতে এনেছি।

এ বিষয়ে মদন থানার এসআই আলমগীর হোসেন জানান, মেয়েটি অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!