সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় বোনের দায়ের মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর পুলিশ চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের সহকারী পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল।
প্রায় এক ঘণ্টায় বেশি ঘটনাস্থলে অবস্থান করে র্যাবের তদন্তকারী দলটি স্থানীয় বেশ কয়েকজন লোকের সঙ্গে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
.png)
র্যাবের এ কর্মকর্তা জানান, পরিদর্শনকালে তদন্তকারী দলটি ঘটনাস্থলে ঘুরে ঘুরে দেখেন এবং নানা তথ্য সংগ্রহ করেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে তদন্তকারী দলটি ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। পাশাপাশি মামলাটি তদন্ত করে আদালতকে জানানোর জন্য র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ককে দায়িত্ব দেয়া হয়।