বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব পরিচিত এক নারীর বাড়িতে বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে আঁখি আক্তার নামে এক নারী খুন হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ওই উপজেলার মোগরাপাড়ার বাড়ি মসলিশ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অ্যাডিশনাল এসপিসহ ও ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেলে আঁখির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
সাবেক স্বামী রুবেল মোগরাপাড়া ইউপির কাইকারটেক মুগারচর এলাকার মফিজুলের ছেলে।
পূর্ব পরিচিত নিপা আক্তার বলেন, মঙ্গলবার সকালে রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসেন। তাদের ঘরে বসতে দিয়ে বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমে প্রবেশ করার সময় কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি তার স্ত্রী আঁখির গলাকাটা মরদেহ পড়ে আছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, রুবেলের সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সঙ্গে। হোমাইরা নামে চার বছরের একটি মেয়ে সন্তান রয়েছে তাদের। ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ হয়। মঙ্গলবার সকালে আঁখিকে একটি বাসায় ডেকে নিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় রুবেল। হত্যার নমুনা দেখে মনে হচ্ছে আঁখিকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলার অ্যাডিশনাল এসপি মো. খোরশেদ আলম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।