নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি, নার্স-আয়ার টালবাহানা
নোয়াখালীর মাইজদীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে একটি নবজাতক চুরির অভিযোগ উঠেছে।
শনিবার সকালে কোনো এক সময় জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে নবজাতক চুরির এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৭টার দিকে ওই হাসপাতালে কোম্পানীগঞ্জে মুছাপুর ইউপির সাইফুল ইসলামের স্ত্রী লুৎফুন নাহার একটি ছেলে সন্তান জন্ম দেন।
নবজাতক শিশুর বাবা এ ঘটনায় সুধারাম থানায় মৌখিক অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত চুরি হওয়া শিশুটির কোনো খোঁজ মিলেনি।
নবজাতক শিশুর বাবা সাইফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে গত বুধবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার সকালের দিকে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে জন্ম নেয়া শিশুকে চাইলে নার্স ও আয়া মিলে নানা টালবাহানা শুরু করে। ঘণ্টা খানেক পর বলা হয় মৃত নবজাতক হয়েছে। তারপরে মৃত শিশু দেখতে চাইলে তারা মৃত শিশুর মরদেহ দেখাতে পারেনি।
.png)
সর্বশেষ আমাদের নবজাতক শিশুকে ফিরে পেতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার গিয়েও কোনো ফল পাইনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এ বিষয়ে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সুধারাম থানার ওসি মো. নবীর হোসেন জানান, নবজাতক চুরির ঘটনায় নবজাতকের বাবা মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। রোববার পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।