ছৈলা ছাড়াও এখানে রয়েছে কেয়া, হোগল, রানা, এলি, মাদার, আরগুজিসহ বিভিন্ন প্রজাতির গাছ। এসব ডালে ডালে ভিড় করছে শালিক, ডাহুক আর বকের ঝাঁক। এছাড়াও রয়েছে মৌমাছির বাসা ও মৌচাক। তাই এ চরে এলে খুব কাছ থেকে শোনা যায় পাখির কিচিরমিচির ডাক ও মৌমাছির গুনগুনানি। পাখিদের অভয়ারণ্য হওয়ায় এ চরে অতিথি পাখির উপস্থিতিরও কোনো কমতি নেই।
কাঠালিয়া লঞ্চঘাট থেকে নৌপথে যেতে হয় ছৈলার চরে। পর্যটন স্পট হিসেবে ২০১৫ সালে ঝালকাঠি জেলা প্রশাসন ছৈলারচর স্থানটি চিহ্নিত করলেও তা বাস্তবায়ন হয়নি ৬ বছরেও।
.png)
এই চরে সমস্যার শেষ নেই। সড়ক পথে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সিঁড়ি না থাকায় নৌ পথের পর্যটকদের ছৈলার চরে যেতে হচ্ছে হাঁটু সমান পানি ও কাদা ভেঙে। বিশুদ্ধ পানি, শৌচাগারও নেই। হাঁটার কোনো রাস্তা নেই। কোনো বিশ্রামাগার না থাকায় অনেক পর্যটক সেখানে যেতে বিমুখ হচ্ছে। পর্যটকদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। পর্যটন এলাকাকে ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্ট হাউজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, ছৈলা একটি লবণ সহিষ্ণু বন্য প্রজাতির বৃক্ষ। উপকূলীয় নদী তীরবর্তী চর, জোয়ার ভাটার প্রবহমান খালের চর ও প্লাবনভূমি জুড়ে কোনো যত্ন ছাড়াই প্রকৃতিগতভাবে জন্ম নেয় এবং বংশ বৃদ্ধি হয় এ বৃক্ষের। ছৈলা গাছের শেকড় মাটির অনেক গভীর অবধি যায় তাই সহসা ঝড় ও জলোচ্ছাসে ভেঙে কিংবা উপড়ে পড়ে না। ফলে উপকূলীয় এলাকায় প্রকৃতিবান্ধব গাছ হিসেবে ছৈলা বনবিভাগের সংরক্ষিত বৃক্ষ। কেবল কাঠের মূল্য বিবেচনায় নয়; মাটির সুদৃঢ় গঠনে পর্যায়ক্রমিক একটি দরকারি বৃক্ষ প্রজাতি হিসেবে ছৈলা গাছকে বিবেচনা করা হয়। তাই দুর্যোগ প্রবণ উপকূলে প্রকৃতিবান্ধব ছৈলা গাছ কাটা নিষেধ।
কাঠালিয়ার উদীয়মান নারী সংগঠক ও কলেজছাত্রী সাদিয়া জাহান মনি বলেন, পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে হলে নদীর পাড় থেকে একটি ঘাটলা, সড়ক পথে যোগাযোগের জন্য কিল্লার পাড় থেকে একটি সেতু, উন্নত মানের বেশ কিছু টয়লেটের ব্যবস্থা, স্বাস্থ্যকর পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত গেস্ট হাউজ, নিরাপত্তার জন্য প্রহরীর ব্যবস্থা করতে হবে। প্রশাসনিকভাবে এটি বাস্তবায়ন হলে অবকাঠামো ও পর্যটন সুবিধা পেলে সরকার এখান থেকে রাজস্ব পাবে।
দি হাঙ্গার প্রজেক্ট বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর এবং কাঠালিয়ার সমাজ কর্মী মো. ফারুক হোসেন খান বলেন, ‘ছৈলার চর’ পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনা থাকলেও রয়েছে নানা সংকট। প্রতিকূল যাতায়াত ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে পর্যটনের অপার সম্ভাবনাময় এ স্থানে পর্যটকরা চিন্তিত থাকেন। তবু সেই সংকট উপেক্ষা করে
ব্যবসায়ী শামসুল হক মনু জানান, শীত এলেই এসব জলাশয়, নদীর তীরের নিরাপদস্থানসহ বিভিন্ন হাওর, বাঁওড়, বিল ও পুকুরের পাড়ে চোখে পড়ে নানা রং-বেরংয়ের নাম জানা, অজানা পাখির। অথচ বেআইনিভাবে শিকার হচ্ছে এসব পাখি। অতিথি পাখি আমাদের বন্ধু, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের প্রেরণা। আবাসিক ও অতিথি পাখি মিলে আমাদের দেশে পাখির প্রায় ৬৫০ প্রজাতির। এর মধ্যে ৩৬০ প্রজাতি আবাসিক। বাকি ৩০০ প্রজাতি অতিথি পাখি। সব অতিথি পাখি শীতের সময় আসে না। ৩০০ প্রজাতির মধ্যে ২৯০টি শীত মৌসুমে আসে ও ১০টি প্রজাতি থেকে যায়। এ পাখিগুলোকে অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের বন্ধুসুলভ আচরণ করা দরকার। এই পাখিগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।
ঝালকাঠি সরকারি কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মাৎ জেবুন্নেছা জানান, প্রাকৃতিক পরিবেশের সাথে পাখির একটা অতুলনীয় মিল রয়েছে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বেই পাখি তা টের পায়। জলবায়ু পরিবর্তনের কারণে অতিথি পাখির আগমন আগের চেয়ে অনেকটাই কমে গেছে। এছাড়াও স্থানীয় মানুষদের শৌখিনতা আর পেশাদার শিকারীর ফলে অবাধ বিচরণ করতে না পারায় দিনদিন ক্রমান্বয়ে অতিথি পাখির আগমণ হ্রাস পাচ্ছে। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেলে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ স্থানের গন্তব্যে ছুটে আসে। অনেক সময় পাখির ঝাঁক ক্লান্তি বোধ করলে নদীর বাঁকে বা কোনো জলাশয়ে বিশ্রাম ও খাবারের খোঁজে নেমে পড়ে। সেখানে নিরাপদ আশ্রয় স্থান মনে করলে পাখি সেখানেই আশ্রয় নেয়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন কর্পোরেশনকে ছৈলার চরকে পর্যটন স্পট তালিকাভুক্তির জন্য চিঠি দিয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তালিকাভুক্তি হলেই পর্যটকদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা তারাই করবেন। জরুরি ভিত্তিতে উপজেলা প্রশাসনকে বলেছি সাধ্যমতো ব্যবস্থা করতে।