ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে লিয়াকতের আবেদন খারিজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১৩ ডিসেম্বর ২০২০
সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে লিয়াকতের আবেদন খারিজ
ফাইল ফটো

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে প্রধান আসামি লিয়াকত আলীর করা রিভিশন মামলা খারিজ করে দিয়েছে আদালত। রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন।

তিনি বলেন, রিভিশন মামলাটি আদালত খারিজ করে দিয়েছে। এই আদেশে আমরা ন্যায়বিচার পাইনি। আদেশ পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতে যাব।

সিনহার বোন শারমিনের দায়ের করা এই মামলা বেআইনি ও অবৈধ দাবি করে তা বাতিলের জন্য গত ৪ অক্টোবর রিভিশন আবেদন করেন লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন। ওই দিন আদালত মামলাটি গ্রহণ করে পূর্ণাঙ্গ শুনানির জন্য গত ২০ অক্টোবর দিন ধার্য করে। 

Advertisement

পরবর্তী শুনানির ওই নির্ধারিত দিনে (২০ অক্টোবর) মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস অসুস্থাতার কারণে আদালতে উপস্থিত থাকতে না পারায় আদালত পরবর্তী শুনানির দিন রাখে ১০ নভেম্বর।

এরপর ১০ নভেম্বর শুনানির পূর্বনির্ধারিত দিনে আসামি লিয়াকতের আইনজীবী মাসুদ সালাউদ্দিন উদ্দিন অসুস্থ হয়ে পড়লে শুনানির দিন আবার পিছিয়ে যায়। ওইদিন আদালত মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।

এই ঘটনায় তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী।

এদিকে সিনহাকে গুলি করে হত্যার মামলার তদন্ত শেষে রোববারই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে র‌্যাব। ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে সেখানে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!