ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালের টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৯ জানুয়ারি ২০২১
হাসপাতালের টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই
তালা ভাঙা টেন্ডার বাক্স

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্য দিবালোকে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে পুরো উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর ২০২০-২১ অর্থবছরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার বাক্সে ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিক্যাল, রি-এজেন্ট, আসবাব ও ক্রোকারিজের ৪৫ লাখ টাকার দরপত্র ছিল। সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। ওইদিন সকালে হাসপাতালের কর্মচারীদের জিম্মি করে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দূর্বৃত্ত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, ৭-৮ জন লোক দরপত্র জমা দেয়ার কথা বলে আমার অফিসে ঢোকে। পরে তারা কর্মচারীদেরকে জিম্মি করে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শে দরপত্র বাতিল করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, হাসপাতালের দরপত্র ছিনতাইয়ের ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!