বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর সড়কে উৎসুক জনতার ভিড়ে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ প্রায় আধাঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।
নিহত সজিবের বাড়ি বরিশালে। সুজুকি মোটরসাইকেল কোম্পানির রাজধানীর বংশাল শাখার শো-রুমের টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন তিনি। আটক কাভার্ডভ্যান চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
পুলিশ জানায়, বিকেলে গাজীপুরে সুজুকি কোম্পানির একটি ট্রেনিং ওয়ার্কশপে অংশ নিয়ে মোটরসাইকেল যোগে রাজধানীতে ফিরছিলেন নিহত ও তার এক সহকর্মী। সন্ধ্যায় পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা সজিব সড়কে পড়ে কাভার্ডভ্যানের নিচে চলে যান। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেল চালক সাব্বির সামান্য আহত হন। পরে স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দেয়।
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরেকজন সামান্য আহত। মরদেহ সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক কাভার্ডভ্যানটিও হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। তবে আটক কাভার্ডভ্যানের চালক আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।