গত ২৪ ফেব্রুয়ারি ২১ সদস্যের আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় দফতর থেকে অনুমোদনের পর শুক্রবার ১৪ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাফিজ উল্লাহর কাছে।
দলীয় একাধিক সূত্র জানায়, এক বছর পর গত ২৪ ফেব্রুয়ারি এম রিফাত বিন জিয়াকে আহ্বায়ক ও মো. আমান উল্লাহকে সদস্য সচিব করে সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের কমিটির অনুমোদন দেয় ছাত্রদলের কেন্দ্রীয় দফতর। এরপরই ফুঁসে ওঠে সরাইল উপজেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ আহ্বায়ক রিফাত বিন জিয়ার বিরুদ্ধে। ওই কমিটিকে অবৈধ দাবি করে ২৪ ফেব্রুয়ারি রাতেই সরাইলের প্রধান সড়কে একটি মিছিল করেন নেতাকর্মীরা।
.png)
পদত্যাগকারীরা বলেন, রিফাত ঢাকায় বসবাস করেন। তিনি জীবনে কোনো দিন ছাত্রদল করেননি। বিবাহিত ও একাধিক মামলার পলাতক আসামি, ছাত্রত্বও নেই। আমানও এলাকায় থাকেন না। ঢাকায় আদম ব্যবসা করেন। তাদেরকে দিয়ে সরাইল উপজেলা ছাত্রদল চলবে না। তাই আমরা নতুনভাবে যোগ্য নেতৃত্বের মাধ্যমে কমিটি চাই।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, সরাইল ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১৪ জনের পদত্যাগ পত্র পেয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পত্রগুলো কয়েকদিনের মধ্যেই কেন্দ্রে পাঠানো হবে।