নোয়াখালীতে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩
নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গৃহবধূকে ঘরের সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে আটক ৩ আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশ।
গত ২৭ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে উপজেলার তমরদ্দী ইউপির ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, ফজর আলী প্রকাশ হেলাল, মো.মিরাজ, মো. নেজাম।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে গৃহবধূ ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দেয়ায় গৃহবধূ ঘরের বাহিরে গেলে কিছু বুঝে উঠার আগেই ফজর আলী প্রকাশ হেলাল তার মুখ চেপে ধরে। ভিকটিমের বাড়ির পশ্চিম পার্শ্বে সাহাব উদ্দিন প্রকাশ কালুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়।
পরে একই এলাকার মো. মিরাজ, ফজর আলী প্রকাশ হেলাল, মো. নেজাম গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মঙ্গলবার তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মামলার আলোকে আসামিদের আটক করেছে পুলিশ। আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।