ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যক্তিগত ছবি ভাইরাল: গৃহবধূকে কুপিয়ে খুন করল পরকীয়া প্রেমিক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৮ এপ্রিল ২০২১
ব্যক্তিগত ছবি ভাইরাল: গৃহবধূকে কুপিয়ে খুন করল পরকীয়া প্রেমিক
লাশ উদ্ধার করে নেয়া হয় রামগঞ্জ থানায়

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পর্কে অবনতির জেরে গৃহবধূ নাসরিন আক্তার মৌসুমিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পরকীয়া প্রেমিক। ওই সময় মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ছেলে নাঈমুল ইসলাম। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে কথিত প্রেমিক মো. রাসেলও নিহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) সকালে ওই উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগরে এ ঘটনা ঘটে। আহত নাঈমুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত নাসরিন আক্তার মৌসুমি ওই গ্রামের ভূঁইয়া বাড়ির প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। মো. রাসেল একই গ্রামের বলি মোল্লা বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, স্বামী বিদেশে থাকার সুযোগে নাসরিনের সঙ্গে রাসেলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। রাসেলের মোবাইলে নাসরিনের কিছু ব্যক্তিগত ছবি ছিল। কয়েক মাস আগে রাসেল মোবাইলটি বিক্রি করে দেয়। কিছুদিন পর মোবাইলে থাকা ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রেমিকের সঙ্গে বিরোধ চলছিল নাসরিনের। এরই জেরে নাসরিনকে কুপিয়ে হত্যা করে রাসেল।

রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!