পিবিআই হেফাজতেই বাবুল আক্তার
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে নিজের করা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো যাবে না বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় সংস্থাটি।
বুধবার রাতে মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা জানান, মামলার বাদী হিসেবে বাবুল আক্তারের সঙ্গে শুরু থেকে যেভাবে কথাবার্তা চলছিল সেটি অব্যাহত রয়েছে।
বাবুলকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলার বাদী হিসেবে এ মামলায় তাকে গ্রেফতারের আইনি সুযোগ নেই।
.png)
তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা কিংবা ইঙ্গিত পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে সন্তোষ কুমার বলেন, এটা বলতে পারছি না। হাইকোর্টের রুলিং আছে।
এর আগে, দুপুরে চট্টগ্রাম নগরের মনসুরাবাদে পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে যান বাবুল আক্তার। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার।
মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।