ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা: চার দিনের রিমান্ডে আসামি শাকু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৩ মে ২০২১
মিতু হত্যা: চার দিনের রিমান্ডে আসামি শাকু
মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকুর চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এসি (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

তিনি জানান, আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকুকে জিজ্ঞাসাবাদে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর আগে, বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যা ব।

একইদিন দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ও সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু ছাড়াও আরো ছয়জনকে আসামি করা হয়।

মামলার পর দুপুর আড়াইটার দিকে বাবুল আক্তারকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ও শাহজাহান মিয়া।

এর মধ্যে সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু ও কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা আপন ভাই। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মুসা। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহ করেছিলেন শাকু।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!