সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে নয়াপাড়া ক্যাম্পের ১৬ এপিবিএন এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে একটি দল আই ব্লকে ডাকাত খালেক গ্রুপের ৭-৮ জনের একটি দলের ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়। এ সময় ১টি একনলা বন্দুক ও ২টি স্টিলের চাকুসহ সন্ত্রাসী মো. নুর এবং মো. জোবায়েরকে আটক করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
.png)
অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে দুবৃর্ত্তদের হাতে অপহৃত ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আব্দুল নবীকে উদ্ধার করে নিয়ে আসে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করার পর সংশ্লিষ্ট মাঝির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, তাকে গত ৩০ অক্টোবর দুবৃর্ত্তরা অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
এ ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, অস্ত্র ও চাকুসহ আটক ডাকাত খালেক গ্রুপের সদস্যদের সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোপর্দ করে অপহৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।