রোহিঙ্গাদের হাতে অপহরণ হওয়া ৩ ছাত্র উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণ হওয়া রামুর খুনিয়া পালংয়ের চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।
র্যাবের উপ-অধিনায়ক মেজর ফারাবি জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ টেকনাফের শালবন পাহাড় থেকে র্যাব উদ্ধার করেছে মোহাম্মদ কায়সার নামে অপহৃত এক ছাত্রকে।
পৃথক সময়ে একই এলাকা থেকে এপিবিএন উদ্ধার করে মিজানুর রহমান নয়ন ও জাহেদুল ইসলাম নামে আরো দুই ছাত্রকে। যা নিশ্চিত করেছে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম।
.png)
এ নিয়ে মোট তিন অপহৃত ছাত্রকে উদ্ধার করলো আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এখনো মিজানুর রহমান নামে অপর এক ছাত্রকে উদ্ধার করা না গেলেও র্যাব, এপিবিএন ও পুলিশের পৃথক অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে এ ঘটনায় র্যাব ও এপিবিএন মোট ৭ জনকে আটক করেছে।
এর আগে বুধবার রাতে টেকনাফ থানায় চার ছাত্র নিখোঁজের অভিযোগ করেন স্বজনরা।
অভিযোগে বলা হয়, কক্সবাজারের রামুর পেচারদ্বীপের বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহীমের সঙ্গে বন্ধুত্ব হয় চার স্কুলছাত্রের।
গত ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে চারজনকে সেন্টমার্টিন বেড়াতে নেয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান জাহাঙ্গীর ও ইব্রাহীম। এরপর থেকেই নিখোঁজ ছিল চার ছাত্র। ছাত্ররা প্রত্যেকেই সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
নিখোঁজের পর ছাত্রদের স্বজনদের মুঠোফোনে ১২ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা, অন্যথায় ছাত্রদের লাশ পাঠানোর হুমকি দেওয়া হয়।