ছেঁড়াদ্বীপে ইয়াবা-কারেন্ট জালসহ ৮ মাঝিমাল্লা আটক
সেন্টমাটিনের ছেঁড়াদ্বীপে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ ইয়াবা ও ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ মাঝিমাল্লাকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মো. হারুন, মো. সলিমুল্লাহ, মো. সফিকুল্লাহ, মোহাম্মদ আলী, মো. হাসেম, মো. হাসান, মো. সফিকুর ও পূর্ব-উত্তর পাড়ার সাব্বির আহমেদ।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক বোটটিকে থামার সংকেত দেওয়া হয়। ওই সময় সাদা রঙের একটি ব্যাগ পানিতে ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বোটসহ আটজন মাঝিমাল্লাকে আটক করা হয়। পরে পানি থেকে ব্যাগটি তলে ভেতরে ১ লাখ ৩৪ হাজার ৮০০ ইয়াবা ও বোটে তল্লাশি চালিয়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান লেফটেন্যান্ট শাকিব মেহবুব।