স্কুলছাত্রের চোখ নষ্ট করে জেলে, বেরিয়ে এসে শিশুকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে চোখ নষ্ট করে এবার আরেক শিশুকে কুপিয়ে হত্যা করেছেন তৌহিদ হোসেন নামে এক যুবক।
সোমবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জের পল্লীতে ছয় বছরের শিশু মাহবুব আলমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। মাহবুব জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের হানিফ উল্লার ছেলে।
ঘাতক ২৬ বছর বয়সী তৌহিদ তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। ঘটনার পর তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
.png)
জানা গেছে, কয়েক বছর আগে তাহিরপুর উপজেলার এক শিশুকে দা দিয়ে কুপিয়েছিলেন তৌহিদ। ওই শিশুটি বেঁচে ফিরলেও তার এক চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় জেল খেটে সম্প্রতি বেরিয়ে এসেছেন তিনি।
সোমবার দুপুরে লক্ষীপুর গ্রামে হাতে দা নিয়ে এলোপাতাড়ি ঘুরছিলেন তৌহিদ। বাড়ির পাশে মাঠে শিশুদের সঙ্গে খেলা করছিল শিশু মাহবুব। এ সময় হঠাৎ হাতে থাকা দা দিয়ে মাহবুবের গলায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এরপর অন্য শিশুদের প্রতিও আক্রমণ করতে উদ্যত হলে তাকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিকে আটক করে।
জামালগঞ্জ থানার ওসি আব্দুল নাসের বলেন, তৌহিদ মানসিক ভারসাম্যহীন। জামালগঞ্জের লক্ষীপুরে এসে এক শিশুকে গলায় কোপ দিয়ে হত্যা করেছে। এর আগেও সে তাহিরপুরে এক শিশুকে কুপিয়েছিল। আমরা তাকে আটক করে থানা হাজতে রেখেছি।