ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-মেয়ে হত্যায় ক্লুহীন তদন্তে পুলিশ : সন্দেহের তীর নিহতের পরিবারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫১, ৩ জানুয়ারি ২০২২
মা-মেয়ে হত্যায় ক্লুহীন তদন্তে পুলিশ : সন্দেহের তীর নিহতের পরিবারে
জামালপুরে মা-মেয়ে হত্যা। ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে মা মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। তবে তিনদিন পেরিয়ে গেলেও এই হত্যার কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক বিষয়কে সামনে রেখে তারা তদন্তে নেমেছে।

ঘটনার রাতেই আটক হওয়া নিহত জয়ফুল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিন আক্তারকে দুইদিন থানা হাজতে আটক রেখে জিজ্ঞাসাবাদ শেষে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

জিজ্ঞাসাবাদে তাদের কাছে হত্যাকাণ্ড বিষয়ে কী তথ্য পাওয়া গেছে সেই প্রশ্ন করা হলেও গণমাধ্যমেকে কিছুই বলেনি মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈদুল ইসলাম। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তিনি কিছুই জানাতে রাজি হননি।

তবে ওসি গণমাধ্যমকে বলেন, ‘তাদের কাছে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমরা এই মামলাটি গুরুত্ব সহকারে নিয়েছি। একাধিক বিষয় সামনে রেখে পুলিশের একাধিক টিম তদন্ত কাজে মাঠে রয়েছে।’

স্থানীয়রা জানান, নিহত জয়ফুল বেগম ও তার মেয়ে স্বপ্নার সঙ্গে ছেলে জহুরুল চৌধুরী ও তার স্ত্রী জেসমিন আক্তারের প্রায়ই ঝগড়া ফ্যাসাদ লেগে খাকত। ঘটনার আগের দিন ২৯ ডিসেম্বর তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে উঠানের মধ্যে বাঁশের বেড়া দেয়। সেদিনই বউ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় জহুরুল।

এ ঘটনার পর থেকে বাড়িতে ঝগড়ার খবর পেয়ে ওমানে টেনশনে থাকা জয়ফুল বেগমের দুই ছেলে মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী বাড়ির খোঁজ খবর নিতে মা ও বোনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোনে পাচ্ছিলেন না। দুইদিন চেষ্টার পর তাদের মামা মানিক মিয়াকে বিষয়টি জানিয়ে বাড়িতে খোঁজ নিতে বলেন। মানিক মিয়া বাড়িতে গিয়ে দেখেন ঘরের সামনের দরজা তালাবদ্ধ ও পেছনের দরজা রশি দিয়ে বাঁধা। ঘরের একরুমে জয়ফুল বেগম ও অন্য রুমে স্বপ্নার গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। এসব বিবেচনায় তার ছেলে ও ছেলের বউ পারিবারিক কলহের আক্রোশে হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে আশপাশের লোকজন জানিয়েছে।

আবার কেউ কেউ বলছে তাদের পারিবারিক কলহের সুযোগে তৃতীয় পক্ষ কেউ হত্যাকাণ্ড ঘটাতে পারে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে মেলান্দহের গোবিন্দপুরের দারোয়ানপাড়া এলাকার স্থানীয়দের মুখে মুখে চলছে নানা আলোচনা।

উল্লেখ্য, জামালপুরের মেলান্দহ পৌরসভা এলাকার গোবিন্দপুরের গাড়িয়াল পাড়া গ্রামে গত শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে জয়ফল বেগম ও পাশের কক্ষ থেকে তার মেয়ে স্বপ্না চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ। ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিন আক্তারকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!