ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে চুরি করতে গিয়ে ৩ নারী পকেটমার আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪, ১ মার্চ ২০২২
বাগেরহাটে চুরি করতে গিয়ে ৩ নারী পকেটমার আটক
ফাইল ছবি

বাগেরহাটে শরণখোলায় চুরির দ্রব্যসহ ৩ নারী পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ। জনতার সহায়তায় পুলিশ ওই তিন নারীকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময়ে এ সময় তাদের কাছ থেকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর জেলার চতুরপাড়া গ্রামের কামাল চৌধুরীর মেয়ে মৌসুমী বেগম এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের খুনকার ব্যাপারির মেয়ে পারভিন বেগম ও শারমিন বেগম। তারা বাগেরহাটের খানজাহান আলীর মাজার সংলগ্ন এলাকায় বসবাস করেন।

Advertisement

থানা পুলিশ জানায়, রবিবার দুপুরে রায়েন্দা বাজারের পাঁচ রাস্তারমোড় থেকে নাসিমা নামের এক নারীর ব্যাগ কেটে ২ হাজার ১০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হন ওই তিন নারী।

এর আগে সকাল ১০টার  দিকে শরণখোলা ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নামার সময় এক নারী গ্রাহকের ভ্যানিটি ব্যাগ থেকে ৮০ হাজার টাকা নিয়ে পকেটমার নারীচক্রটি পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তিন নারীকে থানায় নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত নারী পকেটমারদের কাছ থেকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি জব্দ করা হয়েছে। এরা সংঘবদ্ধ একটি নারী পকেটমার চক্র। ধৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।

ডেইলি-বাংলাদেশ/UAE
লিংক সফলভাবে কপি হয়েছে!