নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগে একজনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা ও নষ্ট মাংস বিক্রি করার দায়ে এক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।
দণ্ডপ্রাপ্ত মো. আরিফ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার লক্ষীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আরিফ মিয়া সলিমগঞ্জ বাজারের কাউসার কসাইয়ের দোকানে সহযোগী কসাই ও বিক্রেতা হিসেবে কাজ করতেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন, উপজেলার সলিমগঞ্জ বাজারে একজন কসাই দীর্ঘদিন ধরে পচা ও নষ্ট মাংস বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কসাই কাউসারের দোকানে পচা ও নষ্ট মাংস পাওয়া যায়।
.png)
তিনি আরো জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তার মাংসের গুণগত মান পরীক্ষা করে পচা ও নষ্ট নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২৪ ধারায় আরিফ মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা ও নবীনগর থানার কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।