ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ বছর আগে চট্টগ্রাম মেরিন একাডেমি ছাড়েন হাদিসুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ৩ মার্চ ২০২২
৩ বছর আগে চট্টগ্রাম মেরিন একাডেমি ছাড়েন হাদিসুর
ছবি: ডেইলি বাংলাদেশ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান তিন বছর আগে চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষ করেন। এরপরই তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। তিন বছর ধরে জাহাজটিতে কর্মরত থাকা অবস্থায় বুধবার রকেট হামলায় তিনি নিহত হন।

নিহত হাদিসুর বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 

জাহাজে থাকা নাবিকরা জানান, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা) জাহাজটিতে রকেট বোমা হামলা হয়। যুদ্ধের কারণে ওই এলাকায় তেমন নেটওয়ার্ক না থাকায় নেটওয়ার্ক পেতে মোবাইলের টাওয়ারে ওঠেন হাদিসুর। ওই সময় তার ওপর রকেট বোমাটি নিক্ষিপ্ত হয়। এতে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়।

Advertisement

আরো পড়ুন: ‘ভন্ড দয়াল বাবা’ সেজে ১৬ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা

গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পণ্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। তুরস্কের একটি বন্দরে পণ্য খালাস করে ২৪ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওইদিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আটকা পড়েন জাহাজে থাকা দুই নারীসহ বাংলাদেশি ২৯ জন নাবিক।

এদিকে, হাদিসুরের মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, আমরা আগে থেকেই বিচলিত ছিলাম। কারণ, হাদিসুর পাঁচদিন আগে তার মাকে মোবাইলে জানিয়েছিল, যুদ্ধে আটকা পড়েছে। ফিরে আসতে পারবে কিনা, তা নিয়ে সেও সন্দেহ প্রকাশ করেছিল। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। হাদিসুর আমাদের ছেড়ে চলে গেল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!