শনিবার রাতে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট রেলসেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৪ বছর বয়সী আনিছুর রহমান আপেল উপজেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
.png)
স্থানীয়রা জানায়, শনিবার রাতে মোটরসাইকেলে সোনাহাট থেকে বাড়ি ফিরছিলেন আপেল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সোনাহাট রেলসেতুর পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চলে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করবে না।