রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় ফতোয়াদাতা আরসার ওলামা শাখার প্রধান গ্রেফতার
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ফতোয়াদাতা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উখিয়া ক্যাম্পের লম্বাশিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মৌলভী জাকারিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
তিনি বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে ক্যাম্পে খুনের শিকার রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ’র সঙ্গে আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জাকারিয়ার রোহিঙ্গাদের বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়। মুহিবুল্লাহ’র রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে জোরালো অবস্থানের কারণে আরসার ফতোয়া বিভাগের প্রধান মৌলভী জাকারিয়া তাকে হত্যার পক্ষে ফতোয়া দেন। এর পর মুহিবুল্লাহকে হত্যা করা হয়।
.png)
মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে জাকারিয়া আত্মগোপনে চলে যান। তাকে ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল। গত চার মাস ধরে অব্যাহত চেষ্টার পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভী জাকারিয়া ২০১৫ সাল হতে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা যাওয়া করতেন। এর পর ২০১৭ সালে আশ্রিত হয়ে উখিয়া ক্যাম্পের লম্বাশিয়া এলাকায় বসবাস শুরু করেন তিনি। ২০১৯ সালে আরসার ফতোয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান মৌলভী জাকারিয়া।
উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় লম্বাশিয়া এলাকায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে তার কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়।
এর পর ২৩ অক্টোবর ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় গুলি চালিয়ে হত্যা করা হয় ছয়জনকে। চাঞ্চল্যকর এ দুটি হত্যাকাণ্ডের জন্য আরসাকে দায়ী করে আসছেন নিহতদের স্বজন ও সাধারণ রোহিঙ্গারা। এছাড়া ক্যাম্পে নিরাপত্তার জন্য আরসাকে হুমকি মনে করা হয়।