ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, তার স্ত্রীকেও শক দিয়ে হত্যার চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ১৩ মার্চ ২০২২
ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, তার স্ত্রীকেও শক দিয়ে হত্যার চেষ্টা
(ছবি: সংগৃহীত)

বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ঘের ব্যবসায়ী শৈলেন্দ্র নাথ মন্ডলকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রী রমা রানী মন্ডলকেও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ওই বৃদ্ধের বাড়িতে কাজে নিয়োজিত দুইজন দিনমজুরকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু।

শনিবার (১২ মার্চ) রাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার গিলগাথী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শৈলেন্দ্র নাথ মন্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার গিলগাথী গ্রামের মহেন্দ্র নাথ মন্ডলের ছেলে। 

Advertisement

বাড়িতে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করার উদ্দেশ্যে ওই দিনমজুররা এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের ধারণা। রোববার সকালে পুলিশ ধান ক্ষেত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আটক দুই দিনমজুর হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের জ্যোতিষ মন্ডলের ছেলে অপূর্ব মন্ডল এবং একই গ্রামের সুকেন্দ্র নাথ হালদারের ছেলে সুব্রত হালাদার। পালিয়ে যাওয়ার সময় রোববার দুপুরে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার থেকে সুব্রত হালাদারকে এবং ভোরে চিতলমারী উপজেলার বাখেরগঞ্জ বাজার থেকে অপূর্বকে আটক করে পুলিশ। 

চিতলমারী থানার ওসি এইচ এম কামরুজ্জামান খান জানান, মৎস্যঘের ব্যবসায়ী শৈলেন্দ্র নাথ মন্ডল তার ধানক্ষেতে কাজ করানোর জন্য গত বুধবার (৯ মার্চ) দিনমজুর অপূর্ব মন্ডল এবং সুব্রত হালাদারকে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলা থেকে চুক্তি করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে ওই দুই শ্রমিক তার বাড়িতে দিনমজুর হিসেবে কাজে নিয়োজিত ছিলেন। শনিবার গভীর রাতে ওই দুই শ্রমিককে নিয়ে শৈলেন্দ্র নাথ মন্ডল তার ধান ক্ষেতের সেচ মেশিন বন্ধ করতে যান।

ওসি আরো জানান, ওই মৎস্যঘের ব্যবসায়ীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখা হয়। এরপর মৎস্যঘের ব্যবসায়ীর বাড়িতে এসে তার স্ত্রী রমা রানী মন্ডলকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় রমা রানী চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বাইরে আসেন। পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে ওই দুই শ্রমিক দৌড়ে পালিয়ে যান। পরে তাদেরকে আটক করা হয়।

ওসি এইচএম কামরুজ্জামান খানের দেওয়া তথ্যমতে, ওই দুই দিনমজুর মৎস্যঘের ব্যবসায়ীর বাড়িতে রক্ষিত নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করার উদ্দেশ্যে তাকে হত্যা করেন এবং তার স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনার সময় ওই বাড়িতে ওই বৃদ্ধ এবং তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর সঙ্গে অন্য কোনো ঘটনার যোগসূত্র আছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!