ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যায় গ্রেফতার স্বামী-স্ত্রী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১২ মার্চ ২০২২
নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যায় গ্রেফতার স্বামী-স্ত্রী
শিবগঞ্জ থানা -ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পিকনিকের (বনভোজন) ব্যানার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বে আতোয়ার আকন্দ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার গভীর রাতে জয়পুরহাট সদরের হিমচি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হত্যা মামলার প্রধান আসামি নজমুল হোসেন ও তার স্ত্রী আনোয়ারা বেগম। তারা শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামের বাসিন্দা। নিহত আতোয়ারও একই গ্রামের বুলু আকন্দের ছেলে।

Advertisement

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটমরিচাই গ্রামে বাঁশ দিয়ে পিটিয়ে আতোয়ারকে হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার নিহতের ভাই ছানোয়ার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় নজমুল ও তার স্ত্রী আনোয়ারাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরো পড়ুন: পাল্টাপাল্টি সভা ডাকায় বাহুবলে ১৪৪ ধারা জারি

জানা গেছে, পিকনিক করার উদ্দেশ্যে একটি ব্যানার তৈরি করে নাটমরিচাই গ্রামের কয়েকজন কিশোর। ওই ব্যানারটি আতোয়ারের বাড়ির সামনে রাস্তার পাশে টাঙানো হয়েছিল। শুক্রবার দুপুরে একই গ্রামের কয়েকজন ব্যানারটি ছিঁড়ে ফেলেন। ব্যানার ছিঁড়ে ফেলায় কিশোরদের পক্ষে নিয়ে একই গ্রামের কয়েকজনের সঙ্গে আতোয়ার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এরই জেরে রাতে আতোয়ারের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় আতোয়ারের মাথায় বাঁশ দিয়ে একাধিকবার আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আতোয়ার। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশ জব্দ করা হয়। বাঁশটি তাদের বাড়িতেই ছিল।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!