কানে হেডফোন গলায় দড়ি, পা ছিল মাটিতে
১৮ বছর বয়সী বিপ্লব। কাজ করতেন ওয়ার্কশপে। থাকতেন সেখানেই। মাঝে মধ্যেই বাড়ি যেতেন। শনিবার রাতেও বাড়ি ফেরেননি। কিন্তু রোববার ভোরে বাড়ির পাশে তার লাশ ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তবে বিপ্লবের দুই পা ছিল মাটিতে। আর কানে ছিল হেডফোন। তার মৃত্যু রহস্যজনক বলে দাবি স্বজনদের।
রোববার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়ার চরবগা গ্রামের একটি আমগাছ থেকে বিপ্লবের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বিপ্লব একই গ্রামের এলাহি বক্স হাজি বাড়ির প্রতিবন্ধী সবুজ মিয়ার ছেলে। তিনি ওয়ার্কশপ শ্রমিক ছিলেন।
স্বজনরা জানান, শনিবার বিকেলে বিপ্লবের খোঁজে বাড়িতে আসেন দুজন অপরিচিত লোক। বিপ্লব তাদের দোকানে কাজ করতেন বলে জানান। তাদের আড়াই হাজার টাকা নিয়ে বিপ্লব চলে এসেছেন বলেও জানানো হয়।
.png)
বিপ্লবের মা বিলকিস বেগম বলেন, আমার ছেলে দালাল বাজারের একটি দোকানে কাজ করতো। সেখানেই থাকতো। বাড়িতে আসতো না। ভোরে আশপাশের লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে আমাদের খবর দেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।