সোমবার সকালে পাগলা নন্দলালপুর আরাফাত মেটাল নামে সিলভার কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারখানার ম্যানেজার জালাল উদ্দিন বলেন, গতকাল দিনে ও রাতে গ্যাস ছিল না। সোমবার সকালে হঠাৎ গ্যাস চলে আসে। এতে চুল্লিতে গ্যাস জমাট হয়ে থাকে। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে চুল্লিতে আগুন দেন। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে চুল্লির বিস্ফোরণ ঘটে।
.png)
এ সময় চুল্লির কাছে থাকা মোকলেস ও রিপন ফকির দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই তাদেরকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মোকলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ফতুল্লায় নন্দলালপুরে একটি বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন শুনেছি। আমাদের কর্মীদের পাঠানো হয়েছে। ম্যাসেজ এলে বিস্তারিত বলতে পারবো।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।