ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলের সেই কাউন্সিলর অস্ত্রসহ গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২ এপ্রিল ২০২২
বেনাপোলের সেই কাউন্সিলর অস্ত্রসহ গ্রেফতার
অস্ত্রসহ গ্রেফতারকৃত কাউন্সিলর রাশেদ আলী-ছবি সংগৃহীত

যশোর বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২ এপ্রিল) ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার কাউন্সিলর রাশেদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৮ মার্চ) অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বন্দর এলাকায় অর্ধশতাধিক বোমা হামলা চালায়। বোমা হামলায় আহত হন একজন পুলিশ সদস্যসহ ২০ জন শ্রমিক। এ ঘটনায় মোট তিনটি মামলা করা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ঐ মামলার এজাহারভুক্ত আসামি ৩৬ জন। তাদের মধ্যে রাশেদ আলী ১ নম্বর আসামি। মামলার পরপরই গা ঢাকা দেন তিনি।

Advertisement

কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারপিট, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!