ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে এক ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৪ এপ্রিল ২০২২
চট্টগ্রামে এক ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি কারা কর্তৃপক্ষের।

মারা যাওয়া দুজনের মধ্যে ৪০ বছর বয়সী বাবুল মিয়া ছিলেন হাছনদণ্ডীর বাসিন্দা। আর ৪৫ বছর বয়সি রফিক উদ্দিনের বাড়ি চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে। তিনি মারামারি এবং বাবুল মাদক মামলায় কারাগারে ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, রফিক ও বাবুল দুজনই চন্দনাইশ থানার আলাদা দুটি মামলায় কারাগারে ছিলেন। তাদের মধ্যে রফিক গত ২৭ মার্চ এবং বাবুল গত বছরের ১৮ নভেম্বর কারাগারে আসেন।  

Advertisement

সোমবার ভোরে ঘণ্টাখানেকের ব্যবধানে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা মারা যান।

জেলার তারিকুল আরও জানান, বাবুল রোজা রাখার জন্য সাহরি খেয়েছিলেন। বিছানায় যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করার কথা জানান। আর রফিক অসুস্থতা অনুভব করায় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

এদিকে রফিকের পরিবারের দাবি, গত ২৬ মার্চ তার ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা না নিয়ে উল্টো তাকে আসামি করে কারাগারে পাঠায়।

তবে অভিযোগ অস্বীকার করে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রফিকের মামলাও নেয়া হয়েছে। দুপক্ষের মারামারির ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছিল। অপর পক্ষের মামলায় তিনি আসামি হওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!