ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খোলা জায়গায় মলত্যাগ, ডায়রিয়ায় প্রাণ হারালেন দাদি-নাতি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৪, ৪ এপ্রিল ২০২২
খোলা জায়গায় মলত্যাগ, ডায়রিয়ায় প্রাণ হারালেন দাদি-নাতি
ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দাদি-নাতি। সোমবার তাদের মৃত্যু হয়। এ রোগে আক্রান্ত একই পরিবারের আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোলা স্যানিটেশন ব্যবহার করায় এমনটি ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মৃতরা হলেন- তারাকান্দা উপজেলার গজহরপুর গ্রামের ৭৫ বছর বয়সী করফুন্নেসা সমলা ও তার নাতি ২৮ বছরের আল আমিন।

স্বজনরা জানান, সমলার নাতি মানিক মিয়া ঢাকায় শ্রমিকের কাজ করেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচদিন আগে বাড়িতে ফেরেন তিনি। তিনি ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠেছেন। এরই মধ্যে রোববার থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন তার দাদি সমলা। সোমবার ভোরে তিনি মারা যান।

Advertisement

মানিকের চাচাতো ভাই আল আমিনও এ রোগে আক্রান্ত হন। এদিন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আক্রান্ত তার বাবা দুলাল মিয়া ও মা হাসিনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মৃতদের বাড়িতে যান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন।

চিকিৎসাধীন দুলাল মিয়া জানান, তিনি ও তার স্ত্রী রোববার রাত থেকে অসুস্থ। সকাল থেকে অবস্থা বেশি খারাপ হতে শুরু করে। এর মধ্যে তার মা ও এক ভাতিজা মারা গেছেন।

এলাকাটি পরিদর্শন করেছেন তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার রেজা হাসান ত্বকী। তিনি জানান, মৃতদের পরিবার দরিদ্র ও অসচেতন। তাদের স্যানিটেশন ব্যবস্থা খোলা জায়গায়। সময়মতো চিকিৎসা না নেয়ায় তাদের মৃত্যু হয়েছে। এলাকায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হচ্ছে।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!