মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামে পদ্মা নদী থেকে নিখোঁজ বিথির লাশ উদ্ধার করা হয়। বিথি ওই গ্রামের বাবুল জমাদ্দারের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
গোসাইরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ এপ্রিল দুপুরে দাদি মজিতুন্নেসা বেগমের সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায় শিশু বিথি। তখন ঢেউয়ে পানিতে ডুবে যায় সে। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দল দুইদিন পদ্মা নদীতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। আজ সকাল ৬টার দিকে কুচাইপট্টি ব্রিজের নিচে এক জেলে বিথির লাশ দেখতে পান। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
গোসাইরহাট থানার ওসি মাহবুব আলম সুমন বলেন, শিশুটির নিখোঁজের বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছিলাম। তবে শিশুটির লাশ উদ্ধার হয়েছে বলে শুনলাম। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।