ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুইদিনে বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় ২০৮০ যাত্রী পারাপার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৬ এপ্রিল ২০২২
দুইদিনে বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় ২০৮০ যাত্রী পারাপার
বেনাপোল বন্দরের চেকপোস্ট, ইনসেটে ট্যুরিস্টদের ছবি। ছবি: ডেইলি বাংলাদেশ

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২ বছরর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে স্থলপথে ট্যুরিস্ট ভিসায় ভারত-বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ২ হাজার ৮০ জন যাত্রী পারাপার করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ১৩ মার্চ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। সংক্রমণ কমে আসার পর মেডিকেল ও বিজনেস ভিসা চালু হলেও এতদিন বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসা। পরবর্তীতে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ট্যুরিস্ট ভিসা চালু করলেও সে ভিসায় বিমানে যাওয়ার অনুমতি থাকায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমন ভিসার যাত্রী চলাচল বন্ধ ছিল।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে সবচেয়ে বেশি মানুষ ভারত-বাংলাদেশে যাতায়াত করেন। প্রতি বছর বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় দুই দেশের প্রায় ১০ লাখ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের কাছ থেকে ভিসা ফি বাবদ ভারতীয় দূতাবাসের আয় হয় ১০০ কোটি টাকার কাছাকাছি। আর ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের রাজস্ব আসে প্রায় ৫০ কোটি টাকা।

Advertisement

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ দেখা দিলে ১৩ মার্চ সীমান্ত বন্ধ করে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ভারত। এতে বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার। সংক্রমণ কমলে ৬ মাস পর মেডিকেল ও বিজনেস ভিসা চালু হয়। গত ২৫ মার্চ থেকে ভারতীয়দের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ৩০ মার্চ থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেয়।

এতে সোমবার (৪ এপ্রিল) থেকে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণের দুয়ার খোলে বেনাপোল বন্দর দিয়ে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত মোহাম্মদ রাজু জানান, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় যাত্রী পারাপার বেড়েছে। নতুন ট্যুরিস্ট ভিসা প্রাপ্তরাই কেবল ভারতে যেতে পারছেন। পুরানো ভিসায় যাতায়াত আপাতত বন্ধ রয়েছে। ভারত যাওয়ার সময় বাংলাদেশি যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, দুই বছর পর মঙ্গলবার থেকে ট্যুরিস্ট ভিসায় বেনাপোল চেকপোস্ট দিয়ে সড়কপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে। যাত্রী সেবায় অন্যান্য সংস্থার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!