ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গায় জোড়া খুন: ১৯ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ৯ এপ্রিল ২০২২
ভাঙ্গায় জোড়া খুন: ১৯ জনের বিরুদ্ধে মামলা
জোড়া খুনের পর ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে জোড়া খুনের ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার প্রায় ৫০ ঘণ্টা পর শনিবার দুপুর দেড়টার দিকে মামলাটি করেন নিহত কামরুল মাতুব্বরের ভাই রুবেল মাতুব্বর।

ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলায় দুই আরোহী সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্বর নামে দুজন নিহত হন। আহত হন অপর আরোহী আমিনুদ্দীন।

Advertisement

নিহত সোলায়মান শরীফ জানদী গ্রামের মতিউর রহমান শরীফের ছেলে এবং কামরুল মাতুব্বর একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়। খবর পেয়ে পরদিন ঘটনাস্থল পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। হত্যাকাণ্ডের পর জানদি গ্রামের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!