শরীয়তপুরে জাটকাভর্তি পিকআপ উল্টে প্রাণ গেল যুবকের
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরচান্দা সড়কে জাটকা ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে প্রাণ গেছে এক যুবকের। আহত হয়েছেন একজন। সোমবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার পথে শরীয়তপুরের চরচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক ফরহাদ হোসেন লিমন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঘোড়ারচর গ্রামের আবদুল মান্নানের ছেলে। আর আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চট্রগ্রাম থেকে জাটকা নিয়ে খুলনা শহরের দিকে যাচ্ছিল পিকআপটি। পিকআপটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের চরচান্দা এলাকায় পৌঁছালে চালক লিমন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তে পিকআপ সড়কের পাশে উল্টে যায়। তখন এর তলায় চাপা পড়ে চালক মারা যান। পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চালক লিমনের লাশ উদ্ধার করে।
.png)
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি দুর্ঘটনায় পড়ে। এতে একজন মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে।