ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নববর্ষে প্রেমিক যুগলের সঙ্গে অসদাচরণ, ২ ডিবি পুলিশ বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৫ এপ্রিল ২০২২
নববর্ষে প্রেমিক যুগলের সঙ্গে অসদাচরণ, ২ ডিবি পুলিশ বরখাস্ত
ভুক্তভোগী প্রেমিক যুগল। ছবি: ভিডিও থেকে নেয়া

কুমিল্লার নগর উদ্যানে নববর্ষের দিন এক প্রেমিক যুগলের সঙ্গে অসদাচরণের অভিযোগে ডিবি পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নববর্ষের দিন কুমিল্লা নগর উদ্যানে বসে গল্প করছিল ঐ প্রেমিক যুগল। ঐ সময় পেছন থেকে ভিডিও করতে করতে তাদের সামনে গিয়ে পরিচয় জানতে চান ডিবি পুলিশের এক সদস্য। তাদের দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণীকে ‘তুই’ সম্বোধন করে মাস্ক খুলতে বলেন পাশে থাকা আরেক ডিবি পুলিশ সদস্য। এরপরই প্রথমজন ভুক্তভোগী তরুণকে বলেন, ‘মুড়ায়া ছাতনা ছিরালামু একবারে।’

Advertisement

ডিবি পুলিশ সদস্যরা ঐ সময় তরুণীর বাবার ফোন নম্বর চাইলে তারা ভয়ে মাফ চাইতে থাকেন এবং মেয়েটির বাবা বিদেশ থাকেন বলে জানায় ছেলেটি। তখন এক ডিবি পুলিশ সদস্য বলেন, ‘বিদেশ থেকে (কিশোরীর বাবা) আইব এখন, নইলে অফিসে নিয়া যামু। অফিস থেকে অভিভাবক আইসা নিয়া যাবে।’

এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটিতে ছেলেটিকে কয়েকবার মাফ চাইতে দেখা যায়। তবে তাতে কর্ণপাত করেননি ডিবি পুলিশ সদস্যরা।

ভিডিওটির সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, এটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিষয়টি আমাকে কয়েকজন মৌখিকভাবেও জানিয়েছেন। বিষয়টি নজরে আসার পর বিকেলেই অভিযুক্ত দুই ডিবি পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়। পরে রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!